ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  • অন্যান্য

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ফ্রিজে, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

রাফিদুল ইসলাম রাজু
জুন ১৮, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ । ১৫৯ জন

রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত ‘মেডিসিন প্লাস’ নামের একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুরে পরিচালিত অভিযানে এ তথ্য উঠে আসে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

তদন্তকালে দেখা যায়, হার্ট অ্যাটাকের সময় জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য সংরক্ষিত ইনজেকশনগুলোর মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসে। সেইসঙ্গে টিটি নাস ভ্যাকসিনের মেয়াদও শেষ হয়েছে ২০২৪ সালের আগস্টে। এসব ওষুধ ফ্রিজে রেখে বিক্রির চেষ্টা চালানো হচ্ছিল।

এছাড়া, ডায়াবেটিস পরীক্ষার কিট, যেগুলোর মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর আগে, সেগুলোকেও বিক্রির জন্য রাখা হয়। বিদেশি ওষুধ আমদানিকারকের অনুমতি ছাড়া মূল্য পরিবর্তন করে বেশি দামে বিক্রি এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণও মেলে।

এসব অপরাধে ‘মেডিসিন প্লাস’ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। একই অভিযানে ‘অভিযাত ফার্মেসী’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।