অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন।
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। পাশাপাশি জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বাজেট সহায়তা হিসেবে জাপানের কাছে এক বিলিয়ন ডলার অনুরোধ করেছি।”
সরকারপ্রধান মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন এবং বুধবার টোকিও পৌঁছাবেন। সেখানে তিনি জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বুধবার তিনি নিক্কেই ফোরামে অংশ নেবেন। এরপর ২৯ মে তিনি টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে বিশেষ বক্তব্য দেবেন। সেখানে জাপানের চাহিদা অনুযায়ী কীভাবে বাংলাদেশ দক্ষ জনশক্তি পাঠাতে পারে, সে বিষয়ে আলোকপাত করবেন।
সফরের অংশ হিসেবে যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, তার মধ্যে দুটি জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট। বিএমইটি ও দুটি জাপানি কোম্পানির মধ্যে এই সমঝোতাগুলো হবে স্কিল ডেভেলপমেন্ট ও জাপানিজ ভাষা শিক্ষার ওপর ভিত্তি করে।
প্রধান উপদেষ্টা সফর শেষে শনিবার সকালে সিঙ্গাপুর হয়ে রাতে ঢাকায় ফিরবেন।



