ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  • অন্যান্য

‘বাজারদর’ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালু করলো ভোক্তা অধিকার

রাফিদুল ইসলাম রাজু
জুন ২৩, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ । ২৯০ জন

‘বাজারদর’ নামে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালু করলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মোবাইল অ্যাপ’র মাধ্যমে যেকোনো জায়গায় বসে জানা যাবে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর।

এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত পণ্যের বাজার দর জানতে পারবেন ভোক্তারা। জেলা এবং উপজেলা স্থানীয় প্রশাসন কর্তৃক বিভিন্ন পণ্যের দামও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এ অ্যাপসের মাধ্যমে সারাদেশে কোন পণ্যের মূল্য কত সে সম্পর্কে ভোক্তাগণ সম্যক ধারণা পাবেন।

সোমবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘বাজারদর’ শীর্ষক মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

অ্যাপটি নির্মাণ করেছেন ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি’র শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা। সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি।

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে বাজারদর অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বাজারদর অ্যাপে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান বলেন, নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করতে আর্থিক সীমাবদ্ধতা, জনবল স্বল্পতা ও কারিগরি সীমাবদ্ধতা সত্তেও এ অধিদপ্তর ভোক্তাস্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এই অ্যাপসটি এটি সহজ, সংক্ষিপ্ত, কার্যকর ও ব্যবহারকারীবান্ধব। অধিদপ্তরের কাজে এই অ্যাপসকে নিবিড় ভাবে সম্পৃক্ত করাই আমাদের পরবর্তী করণীয়।

তিনি আরও বলেন, বাজার দর সংক্রান্ত আরও অ্যাপস রয়েছে। যার সাথে এই অ্যাপস এর প্রতিযোগিতা নেই এবং এটি পাশাপাশি চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন, অধিদপ্তরের উপপরিচালক ও সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসআর