ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  • অন্যান্য

পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

বাংলা ডেস্ক
মে ২৩, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ । ১০৩ জন

রাজশাহীতে পুলিশের প্রাইভেট কার থামিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর একটি দল।

জীবনের বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জীবনকে শাহ মখদুম থানায় হস্তান্তর করেছে তারা।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, গত ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেট কারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগনে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাঁদের হেনস্তার চেষ্টা করেন।

ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তাঁরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা ২ হাজার টাকা কেড়ে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহ মখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

ওসি জানান, মামলার পরই সজীব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজীবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জীবন ও রাকিবের নাম বলেন। এর মধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এই চক্রের অতীত ইতিহাস খুব খারাপ। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এফএ/এসআর