ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  • অন্যান্য

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত এলো

বাংলা ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ । ১৫৩ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, এ সময়ের মধ্যে নির্বাচন হলে তা দেশের জন্য কল্যাণকর হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, তিনি ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব। এ লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এতে আরও জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।