রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক মাছচাষির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের এমন আচরণে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা, তেমনি দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরাও।
বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মাছচাষি মাহাতাব হোসেন ডালিম জানান, তিনি সাতটি পুকুর ও প্রায় ১ হাজার ৪০০ ফুট রাস্তা দীর্ঘমেয়াদে লিজ নিয়ে নিয়মিত খাজনা দিয়ে মাছচাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পুকুরে যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়।
এর ফলে শুধুমাত্র মাহাতাব হোসেন ডালিম নন, রাস্তা ব্যবহারকারী আশপাশের কৃষকরাও তাদের ফসলি জমিতে ঠিকমতো যাতায়াত করতে পারছেন না।
অভিযুক্তদের একজন শাহরিয়ার সুলতান বাবু। জানতে চাইলে তিনি দাবি করেন, তার নিজের জমিতে বেড়া দিয়েছেন। সেই সঙ্গে মাহাতাব হোসেন তার জমি জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ তোলেন। অন্য অভিযুক্ত মো. আইয়ুব আলী বলেন, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বাদীপক্ষ আপাতত নিজেরা সমঝোতার চেষ্টা করছেন।
আরএইচএফ/এসআর



